হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ৫৫ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত বিওপিগুলো থেকে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় গাঁজা, ইস্কফ সিরাপ, বাংলা মদসহ একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। গত শনিবার রাতে এসব তথ্য জানিয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
এর আগে হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিজিপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ একটি বাইসাইকেল জব্দ করে। এছাড়াও চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিজিপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে চার কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
এসব অভিযানে চোরাকারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারের ভয়ে মালামাল ফেলে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। অন্যদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিজিপির টহলদল সিন্দুরখান বাজার নামক এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের বিষয়ে তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর মাদকবিরোধী অভিযানগুলো এই দায়িত্বেরই অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে চোরাচালানের চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।
স্বাধীন একাত্তর