কিশোরগঞ্জের হোসেনপুরে এক গৃহবধূর ঘরে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধর ও ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শারমিন আক্তার (২১) গত ১৭ সেপ্টেম্বর হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন দুপুর ১টা ৩০মিনিটের দিকে দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই এলাকার আবু নাঈম ভূঞা রেনু (৫৫), আলম মিয়া (৪৫) ও আলমগীর হোসেন (৩৫) একযোগে শারমিন আক্তারের বাড়িতে প্রবেশ করেন। এ সময় আবু নাঈম তার বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে তিনি গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধর্ষণের চেষ্টা চালান।অভিযোগে আরও উল্লেখ করা হয়, গৃহবধূকে বেদম মারধর করা হয় এবং মুখ-নাকে আঘাত করা হয়। তার চুল ধরে টানাহেঁচড়া করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজন স্থানীয় নারী-পুরুষের নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, চুরি-ছিনতাই ও নারীদের উত্ত্যক্তসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের ভয়ে স্থানীয়রা প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না।
অভিযোগকারিণী আরও বলেন, অভিযুক্তরা হুমকি দিয়ে গেছে— যদি তিনি ঘটনাটি প্রকাশ করেন বা আইনের আশ্রয় নেন, তবে তার স্বামীকে হত্যা করে লাশ গুম করা হবে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ ফয়েজ উদ্দিন