Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন। কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমিনুল ইসলাম নেত্রকোণা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর যাবৎ কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রীসন্তান রেখে গত ৫ এপ্রিল তিনি কর্মস্থল কিশোরগঞ্জ এসেছিলেন। ৬ এপ্রিল ডিউটি করেন।

৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওই দিন ঘটনাটি ঘটে। কী কারণে এমনটি ঘটেছে এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

নিহত আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া বলেন, দুলাভাই গতকাল সোমবার দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদেরকে জানান। এ খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে। ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় তিনি বাসায় একা ছিলেন।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF