Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : ভোলার ৩৩ যুব সংগঠনের মুখে হাসি-যুব কল্যাণ তহবিলের অনুদান পেল তারা

ভোলার ৩৩ যুব সংগঠনের মুখে হাসি-যুব কল্যাণ তহবিলের অনুদান পেল তারা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাভুক্ত যুব কল্যাণ তহবিল (২০২৪–২০২৫ অর্থবছর) থেকে ভোলা জেলার ৩৩টি যুব সংগঠনকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঁইয়া। তিনি বলেন, “যেসব যুব সংগঠন সমাজের উন্নয়নে কাজ করছে, সরকার তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোসাদ্দেক আলী। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন এবং চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা পল্লী যুব নারী কল্যাণ সংস্থা’র প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের কার্যক্রম উপস্থাপন করা হয়। লালমোহন আলোর দিশারী সংস্থা (এ.ডি.এস)-এর নির্বাহী পরিচালক মোঃ শাহিন এবং ভোলা সদর উপজেলার স্বাধীন যুব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।

চেক বিতরণ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা–কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভোলা জেলার ৩২টি সংগঠনকে প্রতি সংগঠন ৫০,০০০ টাকা এবং একটি সংগঠনকে ৭৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF