ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ভোলার মনপুরা নদীপথে নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত টানা ১২ ঘণ্টাব্যাপী মনপুরা উপজেলার জনতা বাজার, পূর্ব তালতলী ও লতাখালী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪৫টি সামুদ্রিক মাছ ধরার ট্রলার বরফ বোঝাই অবস্থায় জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ট্রলারে বরফ সংরক্ষণ করে কিছু অসাধু জেলে গোপনে মা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযানে অংশ নেয়া নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা জব্দ করা ট্রলারের বরফ ধ্বংস করে দেন এবং জেলেদের সতর্ক করে নদীপথ ত্যাগের নির্দেশ দেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা স্বাধীন ৭১ কে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে নদী ও উপকূলে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান অব্যাহত থাকবে। এ সময় নদীতে টহলরত নৌযানগুলোতে উড়তে দেখা যায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পতাকা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশের প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশের সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল জানান, এ ধরনের নিয়মিত অভিযান জেলেদের অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখছে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান থাকায় ভবিষ্যতে ইলিশ উৎপাদন আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন।